ক্রিকেটের মাঠে প্রেম, বিয়ের পিঁড়িতে ফাটল! কেতন আগরওয়াল খুনের নেপথ্যে সিয়া-চেতনের ছক

পুনে: পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল খুনের ঘটনায় প্রতিদিন প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধরীর প্রেমের সূত্রপাত হয়েছিল ক্রিকেটের মাঠে।
কীভাবে পরিচয়?
তদন্তে জানা গেছে, চেতন পেশাদার ক্রিকেট খেলতেন এবং সিয়ার দাদা সাহিল গোয়েলের সঙ্গে তাঁর সখ্যতা ছিল। সাহিলের সঙ্গেই মাঠে খেলা দেখতে যেতেন সিয়া, আর সেখান থেকেই চেতনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তীকালে ২০২৫ সালের দেওয়ালির এক পার্টিতে তাঁদের সম্পর্ক নতুন মোড় নেয়।
পরিবারের আপত্তি ও কেতনের সঙ্গে বিয়ে:
সিয়ার পরিবারের সদস্যরা এই সম্পর্কের কথা জানলে কঠোর আপত্তি জানান। আর্থিক সামাজিক মর্যাদার কথা মাথায় রেখে সিয়াকে ব্যবসায়ী পরিবারের ছেলে কেতন আগরওয়ালের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পুলিশের হাতে আসা কল ডিটেল রেকর্ড (CDR) অনুযায়ী, সম্পর্কের গভীরতা কতটা ছিল তার প্রমাণ মেলে জানুয়ারিতে—জানুয়ারি থেকে খুনের আগে পর্যন্ত সিয়া ও চেতন প্রায় ২,০০৪ বার ফোনে কথা বলেছেন, যার মোট সময়কাল ২৩৮ ঘণ্টা!
তদন্তে উঠে আসা মূল দিকগুলো:
- পরিকল্পিত চক্রান্ত: ১৭ জুন লুল্লানগরের এক ক্যাফেতে সিয়া ও চেতনের এক ঘণ্টার গোপন মিটিং পুলিশের নজরে রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, সেখানেই লোহাগড় দুর্গের হত্যাকাণ্ডের ব্লু-প্রিন্ট তৈরি হয়েছিল।
- ডিজিটাল তথ্য লোপাট: অভিযুক্তরা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট, ইনস্টাগ্রাম কথোপকথন ও অন্যান্য তথ্য মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিল। ফরেনসিক টিম এখন সেই ডেটা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
- দাদার বয়ান: সিয়ার দাদা সাহিলকে শুক্রবার দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সাহিলের দাবি, সিয়া যদি আগে তাঁদের জানাতেন যে তিনি এই বিয়েতে সুখী নন, তবে পরিবার বিয়েটি ভেঙে দিত।
১৮ জুন লোহাগড় দুর্গের খাদ থেকে উদ্ধার হয় কেতন আগরওয়ালের দেহ। সেই ঘটনার পর থেকেই সিয়া ও চেতনের যোগসূত্র নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য পুলিশের হাতে আসছে। সব মিলিয়ে, এই হাই-প্রোফাইল খুনের ঘটনায় এখন ডিজিটাল প্রমাণের ওপরই ভরসা রাখছেন তদন্তকারীরা।