জিরাটে এবার ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ! ভিটে সংস্কারে ২০০ কোটি, পর্যটনে নয়া দিশা

বলাগড়: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটে এবার রূপ পেতে চলেছে এক নতুন পর্যটন কেন্দ্রে। বিজেপি সরকারের প্রথম বাজেটেই বলাগড়ের জিরাটে তাঁর পৈতৃক বাড়ির আমূল সংস্কার ও ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র আদলে এই বিশাল মূর্তি এলাকার পর্যটন মানচিত্র বদলে দেবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্মৃতি রক্ষায় বড় উদ্যোগ
বাংলার প্রবাদপ্রতিম আশুতোষ মুখোপাধ্যায় ও তাঁর পুত্র শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে জিরাটের স্মৃতিমন্দির পাড়ায়। আশুতোষের স্মৃতি রক্ষায় এলাকায় স্কুল ও লাইব্রেরি থাকলেও, শ্যামাপ্রসাদের স্মৃতিরক্ষায় এতদিন তেমন বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিধানসভা নির্বাচনের আগে বলাগড়ে প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হয়েছে প্রশাসন।
কী বলছেন স্থানীয়রা?
এই ঘোষণায় খুশির হাওয়া জিরাটের বাসিন্দাদের মধ্যে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাই বামাপ্রসাদের নাতি বাণীপ্রসাদ মুখোপাধ্যায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের ব্যক্তিগত উদ্যোগে এই ভিটে সংস্কার করা সম্ভব ছিল না। বিজেপি সরকার ক্ষমতায় এসেই যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে বলাগড় ও জিরাটের সামগ্রিক উন্নয়নের পথ প্রশস্ত হবে।”
পর্যটনে নতুন দিশা
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার জানিয়েছেন, “ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে পূর্বতন সরকার কোনো গুরুত্বই দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার মর্যাদা রেখে আমরা এই কাজ শুরু করেছি।”
রাজনৈতিক মহলের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে জিরাট শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থল হিসেবেই নয়, বরং রাজ্যের পর্যটন মানচিত্রে একটি অন্যতম প্রধান আকর্ষণীয় কেন্দ্র হিসেবেও নিজের জায়গা করে নেবে।