সরকারি হাসপাতালের চরম গাফিলতি: অন্ধকারে মোবাইলের আলোয় চলল অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার!

হরিয়ানার পালওয়াল জেলা সিভিল হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার রাতে অপারেশন থিয়েটারে যখন এক অন্তঃসত্ত্বা মহিলার অস্ত্রোপচার চলছিল, ঠিক সেই সময়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটে। অভিযোগ, হাসপাতালের জরুরি পাওয়ার ব্যাকআপ বা জেনারেটর ব্যবস্থা সম্পূর্ণ বিকল থাকায় ওটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়।
রোগীর প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে চিকিৎসকরা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়েই অস্ত্রোপচার সম্পন্ন করেন। ২০০ শয্যাবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ হাসপাতালে এই ধরণের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষত, যখন হাসপাতালটির জন্য পৃথক বিদ্যুৎ সংযোগ রয়েছে, তখন এমন ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার গুরুত্ব বুঝে জেলা স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডক্টর সঞ্জয় সিং জানিয়েছেন, কেন ব্যাকআপ ব্যবস্থা কাজ করেনি, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এমন বেহাল দশা ও রোগীর নিরাপত্তার অভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।