“যাদের জন্য জেল খেটেছি, তাদের সঙ্গে চা খাব না!” তৃণমূল নেতাদের দেখে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক

“যাদের জন্য জেল খেটেছি, তাদের সঙ্গে চা খাব না!” তৃণমূল নেতাদের দেখে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক

বাঁকুড়া: ফের একবার মেজাজ হারিয়ে শিরোনামে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তবে এবারের কারণ রাজনৈতিক বৈরিতা। অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত একটি বৈঠকে গিয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখে বৈঠক বয়কট করলেন তিনি। তাঁর সাফ কথা, “যারা আমাকে জেল খাটিয়েছে, তাদের সঙ্গে বসে চা খাওয়ার মতো মানুষ আমি নই।”

শনিবার বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে ১৬তম অর্থ কমিশনের পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল জেলা প্রশাসন। সেখানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি জেলার ১২ জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের ডাকা হয়েছিল। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বিধায়ক নীলাদ্রি শেখর দানা বৈঠকে এলেও, তৃণমূল নেতাদের দেখে তৎক্ষণাৎ বেরিয়ে যান।

এই বিষয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যারা আমাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, যারা আমাদের কর্মীদের ওপর অত্যাচার করেছে এবং অজিত মুর্মুর মতো বিজেপি কর্মীকে যারা খুন করেছে, তাদের সঙ্গে এক আসনে বসে চা পান করা আমার পক্ষে সম্ভব নয়। আমি দলের আদর্শ মেনে চলি। মানুষের উন্নয়নের কাজে দলমত নির্বিশেষে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু এদের সঙ্গে নয়।”

তবে বৈঠকে না থাকার পেছনে পরবর্তীকালে তিনি ‘অন্য জরুরি কাজ’ থাকার কারণও উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, বিষয়টি তিনি জেলাশাসককে জানিয়েই এসেছেন।

অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় বলেন, “বিধায়কের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ফোনে কথা হলেও সামনাসামনি পরিচয় নেই। তিনি বৈঠকে এসেছিলেন কি না বা কেন বেরিয়ে গিয়েছেন, তা আমার জানা নেই।”

প্রসঙ্গত, এর আগে রাস্তা জ্যামের অভিযোগে ক্লাবের ঘর ও দোকান ভাঙার নিদান দিয়েও বিতর্কে জড়িয়েছিলেন এই বিধায়ক। তার সেই অভিযোগ ছিল তৃণমূল নেতাদের মদতপুষ্ট অবৈধ দখলের বিরুদ্ধেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *