সাত দিন পর উদ্ধার নিখোঁজ ট্রলার, বকখালির উপকূলে মিলল ৫ মৎস্যজীবীর দেহ!

গত ২ জুলাই দিঘার শংকরপুর বন্দর থেকে ১৫ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ‘মা কালী’ নামের ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে মৎস্যজীবী মহলে। নিখোঁজ ট্রলারটির সন্ধানে কোস্টগার্ড, নৌবাহিনী এবং বনদপ্তরের যৌথ তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে রবিবার দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উলটে থাকা অবস্থায় ট্রলারটি খুঁজে পান উদ্ধারকারীরা।
ট্রলারটি উদ্ধার করে পাথরপ্রতিমার সীতারামপুর ঘাটে আনার পর তল্লাশি চালিয়ে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১০ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। প্রশাসনের আশঙ্কা, ট্রলারের ভেতরেই আটকে থাকতে পারেন বাকিরা। বর্তমানে ট্রলারের ভেতরের জল নিষ্কাশন করে উদ্ধারকাজ চালানো হচ্ছে, যা শেষ হলেই নিখোঁজদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৎস্যজীবী পরিবারগুলোতে।