ছেলের গ্রেপ্তারে ব্যাকফুটে নির্মল ঘোষ, বিদ্রোহী শিবিরে জায়গা পেলেন না কেন?

জলহাটি: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পরিবারের ওপর নেমে এল বড় বিপর্যয়। তোলাবাজি ও লটারি দুর্নীতি মামলায় অভিযুক্ত জলহাটির তৃণমূল নেতা ও নির্মল-পুত্র তীর্থঙ্কর ঘোষকে রবিবার ভোরে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই গ্রেপ্তারের ঠিক ২৪ ঘণ্টা আগেই নিজের অস্তিত্ব বাঁচাতে মরিয়া নির্মল ঘোষকে দেখা গিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূলের বৈঠকে। কিন্তু সেখানে গিয়েও মেলেনি স্বস্তি।
শনিবার বিদ্রোহী শিবিরের বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়ালেও, বিষয়টি নিয়ে দূরত্ব বজায় রেখেছে ঋতব্রত শিবির। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, নির্মল ঘোষকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি দলটির অন্যতম নেতা সন্দীপন সাহার মন্তব্যে স্পষ্ট, ‘বেনোজল’ হিসেবে নির্মল ঘোষকে নিতে নারাজ তারা। সন্দীপন বলেন, “আমরা বেনোজল আটকাতে বদ্ধপরিকর, তার জন্য ছাঁকনি ব্যবহার করা হচ্ছে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আরজি কর-সহ একাধিক মামলায় নাম জড়ানো এবং একের পর এক ঘনিষ্ঠ সহযোগীর গ্রেপ্তারের জেরে নির্মল ঘোষের ‘ছোঁয়াচ’ এড়াতেই চাইছে বিদ্রোহী গোষ্ঠী। নিজের ও ছেলের গ্রেপ্তারি এড়াতেই তিনি মরিয়া হয়ে নতুন শিবিরে আশ্রয় খুঁজছিলেন বলে ধারণা বিশেষজ্ঞদের।
এদিকে, রবিবার পুত্র গ্রেপ্তারের পরই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন এই মুখ্য সচেতক। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে তিনি অভিযোগ করেছেন যে, বিধানসভা নির্বাচনের পর থেকেই পুলিশ তাঁর পরিবারকে অহেতুক হেনস্থা করছে। যদিও আদালত মামলা দায়েরের অনুমতি দিলেও শুনানির দিন নিয়ে কোনো নিশ্চয়তা দেয়নি।
উল্লেখ্য, জলহাটির পরাজিত প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বর্তমানে খাতায়-কলমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’-এর যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন। ছেলের গ্রেপ্তারের পর এবার কি তবে পিতাও পুলিশের জালে? সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা রাজ্য।