মহাকাশে ভারত, গগনযান মিশনের ৩টি অত্যন্ত জটিল পরীক্ষায় বাজিমাত করল ইসরো

ভারতের বহু প্রতীক্ষিত এবং উচ্চাকাঙ্ক্ষী ‘গগনযান’ মিশনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরো। রবিবার তারা ক্রু মডিউল সিস্টেমের সঙ্গে জড়িত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। প্রথম পরীক্ষায় মহাকাশ থেকে ফেরার পর মডিউলটি কীভাবে সমুদ্রে ভেসে থাকবে, তার জন্য একটি নতুন গ্যাস-ভিত্তিক সিস্টেম সফলভাবে পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় পরীক্ষায় পৃথিবীতে ফেরার সময় ক্রু মডিউল এবং পাওয়ার বা প্রোপালশন অংশকে যুক্ত করা তারগুলিকে আলাদা করার জন্য CSU-1 এবং CSU-2 নামের দুটি অংশের সফল বিচ্ছিন্নকরণ নিশ্চিত করা হয়েছে।
তৃতীয় পরীক্ষায় প্যারাসুটগুলিকে রক্ষা করা ক্যাপসুলের ওপরের কভারটি মূল অংশ থেকে সুরক্ষিতভাবে আলাদা করা সম্ভব হয়েছে, যা প্যারাসুট খোলার প্রক্রিয়াকে নিখুঁত করবে। ইসরোর এই গগনযান মিশনের মূল লক্ষ্য হল তিনজন ভারতীয় নভোচারীকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পাঠানো। সেখানে তাঁরা তিন দিন ধরে মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন এবং তারপর নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন। ২০২৭ সালের মধ্যে এই ঐতিহাসিক মিশনটি মহাকাশে লঞ্চ করার জন্য বর্তমানে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা।