সম্পত্তির লোভে শাশুড়িকে শ্বাসরোধ করে খুন! যাবজ্জীবন কারাদণ্ড পেল খোদ জামাই
July 14, 20268:15 am

সম্পত্তির লোভে শাশুড়িকে খুনের দায়ে জামাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত। সোমবার বিচারক সন্দীপ চৌধুরি দোষী জনাথন বিশ্বাসকে এই সাজা দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার বেনিয়াপুকুরের বাসিন্দা জনাথন বাড়ি বিক্রির টাকার জন্য শাশুড়ি গীতা রায়কে ক্রমাগত চাপ দিত। রাজি না হওয়ায় ২০২৩ সালের ২১ আগস্ট নাথুডি গ্রামে তাঁকে শ্বাসরোধ করে খুন করে সে।
মৃতের মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মাত্র ৭৪ দিনে চার্জশিট জমা দেয়। এই মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। দোষী জনাথনের বিরুদ্ধে খোদ তার স্ত্রী জয়শ্রী এবং নিহতের অন্য দুই মেয়ে আদালতে বয়ান দেন। ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিবারের জোরালো সাক্ষ্যের ভিত্তিতেই শেষ পর্যন্ত অপরাধীর এই চূড়ান্ত সাজা ঘোষণা করল আদালত।