নাবালিকা ধর্ষণে* অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ!

কালচিনি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর ঘটনায় তোলপাড় আলিপুরদুয়ারের কালচিনি। সোমবার তদন্তের প্রয়োজনে ঘটনার পুনর্নির্মাণ (Crime Scene Reconstruction) করতে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সঞ্জয় ঘোষ (৪৮)। গত মঙ্গলবার এক নাবালিকাকে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে এই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিতার বাবা সাইকেল মেরামতের কাজ করেন এবং মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। ঘটনার দিন কাজ থেকে ফিরে মেয়েকে খুঁজে না পেয়ে মা প্রতিবেশীর বাড়িতে যান। সেখানে মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় তাঁর। পরে নির্যাতিতার কাছে পুরো বিষয়টি শুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তের বাড়ির সামনে ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করলে খবর পেয়ে কালচিনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, এটি তদন্তের একটি অংশ। ঘটনার সত্যতা নিশ্চিত করতে এবং তদন্তের প্রয়োজনে অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।