অভূতপূর্ব সৌজন্য! বুদ্ধ-জায়া মীরাদেবীর নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

অভূতপূর্ব সৌজন্য! বুদ্ধ-জায়া মীরাদেবীর নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। বিগত সরকারের আমলে তুলে নেওয়া এই নিরাপত্তা পুনরায় বহাল করে এক অনন্য রাজনৈতিক সৌজন্যের নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২০২৪ সালের ৮ আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর, ৫৯এ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল তৎকালীন সরকার। বর্তমানে ওই ছোট্ট ফ্ল্যাটটিতে একাই, অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন করেন বর্ষীয়সী মীরা দেবী। গত মে মাসে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শত ব্যস্ততার মাঝেও রাজনৈতিক ও মতাদর্শগত ফারাক সরিয়ে রেখে বিগত সরকারের সেই অসৌজন্য শুধরে নেওয়ার এই সিদ্ধান্তকে এক বিরল রাজনৈতিক শিষ্টাচার বলেই মনে করছে রাজনৈতিক মহল।

স্বামী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মীরা দেবীও বরাবরই সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। একসময় জ্যোতি বসুর মতো প্রবীণ নেতা এই ফ্ল্যাট বদলের কথা বললেও, বুদ্ধবাবু এখানেই থাকতে চেয়েছিলেন। স্বামীর প্রয়াণের পরও সেই সিদ্ধান্তেই অটল থেকেছেন মীরা দেবী। রাজ্যে পরিবর্তনের পর নতুন সরকারকে স্বাগতও জানিয়েছিলেন তিনি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তিনি আশা প্রকাশ করেছিলেন, রাজ্যে যেন ২০১১ সালের আগের সিন্ডিকেট-মুক্ত পরিবেশ ফিরে আসে এবং নতুন সরকার যেন তাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *