আসাময়ে রথযাত্রা শাস্ত্রবিরুদ্ধ! ইসকনের দাবি কড়া ভাষায় ওড়াল পুরী মন্দির প্রশাসন

অসময়ে রথযাত্রা শাস্ত্রবিরুদ্ধ! ইসকনের দাবি কড়া ভাষায় ওড়াল পুরী মন্দির প্রশাসন

নির্দিষ্ট তিথি ছাড়া বছরের অন্য সময়ে বা ‘অফ-সিজনে’ রথযাত্রা আয়োজন নিয়ে ইসকন (ISKCON) এবং পুরীর শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) মধ্যে পুরনো বিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বিদেশের মাটিতে আসাময়ে রথযাত্রা করা নিয়ে ইসকনের দেওয়া সমস্ত যুক্তি সরাসরি খারিজ করে দিয়েছে পুরী মন্দির প্রশাসন। তাদের স্পষ্ট বক্তব্য, এই ধরনের আয়োজন একেবারেই শাস্ত্রসম্মত নয় এবং তা সাধারণ ভক্তদের বিভ্রান্ত করছে।

গত ১২ জুলাই নয়াদিল্লিতে ইসকনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল যে, ভারতের বাইরে অন্য সময়ে রথযাত্রা পালন হিন্দু ধর্মগ্রন্থে অনুমোদিত। মঙ্গলবার এসজেটিএ একটি পাল্টা বিবৃতি দিয়ে ইসকনের এই দাবিকে ‘ভুল, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছে। মন্দির প্রশাসনের অভিযোগ, শ্রীজগন্নাথের রথযাত্রার শাস্ত্রীয় বিধান সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

এর আগে গত ২০ মার্চ ভুবনেশ্বরে আয়োজিত একটি বৈঠকেও ইসকনের প্রতিনিধিরা শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে বিদেশে ভিন্ন তারিখে রথযাত্রার পক্ষে যুক্তি দিয়েছিলেন। কিন্তু পুরীর পণ্ডিতরা প্রামাণ্য পুরাণ ও ধর্মগ্রন্থের ভিত্তিতে তখনই সেই যুক্তি খণ্ডন করেন।

শুধু তাই নয়, পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের রথযাত্রায় সমর্থন জানিয়েছেন— ইসকনের এমন ইঙ্গিতও কড়া ভাষায় উড়িয়ে দিয়েছে এসজেটিএ। মন্দির কর্তৃপক্ষের মতে, জার্মানির বার্লিনে ইসকনের একটি অনুষ্ঠানে মহারাজের উপস্থিতিকে ভুলভাবে ব্যাখ্যা করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, এই বিতর্কের আবহে ইসকনের জাতীয় মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, মন্দির প্রশাসনের সম্পূর্ণ বিবৃতিটি হাতে পাওয়ার পরেই তাঁরা এ বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *