অনশনে অনড় সোনম, ‘খাবার খেলে সরকার ভুল বুঝবে’, ডাক দিলেন মেগা সংসদ অভিযানের!

নিট (NEET) দুর্নীতি ও শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশন ১৯ দিনে পা দিল। শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, নৈতিক মনোবল ও সংকল্পে পাহাড়ের মতোই অটল তিনি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সোনম স্পষ্ট জানিয়েছেন, লড়াইয়ের ময়দান ছাড়তে তিনি একেবারেই নারাজ!
কেন অনশন ভাঙতে নারাজ সোনম? গত ১৮ দিন ধরে হাজার হাজার শুভানুধ্যায়ী তাঁকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এমনকী তাঁকে হাসপাতালে ভর্তি করতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। কিন্তু সোনমের সাফ যুক্তি, “আমি যদি এখন জোর করে খাবার খাই, তবে সরকারের কাছে ভুল বার্তা যাবে। সরকার ভাববে আলোচনার কোনো প্রয়োজন নেই, এরা অনশনে বসবে আর নিজেরাই উঠে যাবে।”
কেমন আছেন সোনম? টানা অনশনে শরীর দুর্বল হয়েছে, শুরু হয়েছে পেশির ক্ষয়। কিন্তু সোনম জানিয়েছেন, ১৮ দিন পরেও তাঁর মেডিকেল রিপোর্ট এবং ইসিজি (ECG) একেবারে ‘স্বাভাবিক’। তাঁর কথায়, “আমার শরীর ও মন এখনও শক্ত। আমি আরও বেশ কিছুদিন এই অনশন চালিয়ে যেতে পারব।”
২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক অনশন ভাঙার বদলে আগামী ২০ জুলাই মেগা ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দিয়েছেন এই সমাজকর্মী। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে সোনম বলেন, “কীভাবে গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হয়, এটা ছাত্রছাত্রীদের কাছে রাষ্ট্রবিজ্ঞানের এক বাস্তব শিক্ষা।”
দিল্লির বুকে একাই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা সোনমের এই লড়াই কি শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা বা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার পথ প্রশস্ত করবে? এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।