মালদায় ধুন্ধুমার! কাটমানি ও দুর্নীতির অভিযোগে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরকে গণধোলাই

পুরসভার দোকান বিলিতে বেনিয়ম ও কাটমানি নেওয়ার অভিযোগ! আর তার জেরেই প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বেধড়ক মারধর করল একদল ক্ষিপ্ত জনতা, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। বৃহস্পতিবার দুপুরে মালদার ইংরেজবাজার শহরের নেতাজি মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
তৃণমূল নেতার বিরুদ্ধে কী কী অভিযোগ? ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে একাধিক গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা।
- বিপুল টাকার কাটমানি: হকার্স কর্নার মার্কেটে ১০০টির বেশি দোকান বিলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। অভিযোগকারী মহিলাদের দাবি, ১ লাখ টাকার দোকানের জন্য ৩ লাখ এবং ৩ লাখ টাকার দোকানের জন্য ৯ লাখ টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন কাউন্সিলর।
- মন্দিরের টাকা আত্মসাৎ: ৪ নম্বর ওয়ার্ডের একাধিক প্রাচীন মন্দিরের প্রণামীর কয়েক লক্ষ টাকাও এই কাউন্সিলর আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
- হুমকি প্রদান: ব্যবসায়ীরা কাটমানির টাকা ফেরত চাইলে উলটে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
কী ঘটল এদিন? এর আগে কাটমানি ইস্যু নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ীরা। অভিযোগ, এরপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন ওই তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি আদালত থেকে জামিন পান তিনি। এদিন ব্যক্তিগত কাজে মালদা আদালতে যাওয়ার পথে নেতাজি মোড়ে তাঁকে দেখতে পান হকার্স কর্নারের ক্ষিপ্ত মহিলা ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে তাঁকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন মহিলারা। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় তাঁর জামা টেনে ছিঁড়ে রীতিমতো মারধর করা হয়।
কী বলছেন তৃণমূল কাউন্সিলর? নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন অশোক সাহা। তাঁর পালটা দাবি, “এলাকার কয়েকজন মাতব্বর আমার কাছ থেকেই মোটা টাকা আদায়ের জন্য দল পাকিয়েছে। আজ আমাকে রাস্তায় পেয়ে উলটে গায়ে হাত তোলা হয়েছে। আমাকে হেনস্থা করা হয়েছে। আমি পুরো বিষয়টি পুলিশকে জানাব।”
অন্যদিকে, ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এদিনের ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জমা পড়লে পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ তদন্ত করা হবে।