শমীকের নির্দেশকে বুড়ো আঙুল! শ্রীভূমি-সুরুচির মতো বড় পুজোর দখলে এবার বিজেপি নেতারা

রাজ্যের বড় বড় দুর্গাপুজোর কমিটিগুলোতে এবার ক্রমশ বাড়ছে বিজেপির আধিপত্য। খোদ শাসকদলের হেভিওয়েট নেতাদের পুজো বলে পরিচিত মণ্ডপগুলির দায়িত্ব এবার নিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা।
দীর্ঘদিন ধরে তৃণমূল জমানায় মন্ত্রী সুজিত বসুর পুজো বলেই পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অথচ এবার সেই পুজোরই দায়িত্বভার গ্রহণ করেছেন বিজেপি নেতা কনক দেবনাথ। পিছিয়ে নেই সুরুচি সঙ্ঘও। সেখানেও পুজো পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ শিকদারের মতো বিজেপি নেতা। শুধু এই দুটিই নয়, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার একাধিক জনপ্রিয় পুজোর রাশ এখন ধীরে ধীরে বিজেপি নেতাদের হাতেই চলে যাচ্ছে।
তবে দলের নেতাদের এই অতি-সক্রিয়তা ভালোভাবে নিচ্ছেন না বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি এই প্রবণতার কড়া বিরোধিতা করে জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের পুজো কমিটি থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। কিন্তু বাস্তবে তাঁর কথায় কান দিচ্ছেন না কেউই। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, শমীক ভট্টাচার্যের আগের একাধিক নির্দেশিকার মতোই তাঁর এই বার্তাও কার্যত অমান্য করেই পুজো কমিটিগুলোতে নিজেদের রমরমা বাড়াচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা।