৫ নয়, এবার মিলবে ১০ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা! আয়ুষ্মান ভারত নিয়ে সংসদে বড়সড় সুপারিশ

চিকিৎসার বিপুল খরচ নিয়ে আর দুশ্চিন্তা নয়! সাধারণ মানুষকে স্বস্তি দিতে ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্পের স্বাস্থ্যবিমা ৫ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার জোরালো সুপারিশ করল সংসদীয় কমিটি। কেন্দ্র এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেই বড়সড় সুবিধা পাবেন দেশের কোটি কোটি নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।
কেন বিমা বাড়ানোর প্রস্তাব? সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির মতে, বর্তমান যুগে ক্যানসার, বাইপাস সার্জারি বা কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসায় ৫ লক্ষ টাকা খুবই সামান্য। বহু ক্ষেত্রেই চিকিৎসার মাঝপথে বিমার টাকা শেষ হয়ে যায়। ফলে গরিব মানুষকে বাধ্য হয়ে নিজেদের পকেট থেকে বিপুল টাকা খরচ করতে হয় বা চিকিৎসা বন্ধ করে দিতে হয়। এই হয়রানি রুখতেই বিমার কভার সরাসরি দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে কমিটির ১৭২তম রিপোর্টে।
প্রস্তাব পাস হলে কী কী সুবিধা?
- জটিল রোগের চিকিৎসা: অর্থাভাবে কোনো বড় অপারেশন বা দীর্ঘমেয়াদি আইসিইউ (ICU) চিকিৎসা আর আটকে থাকবে না।
- পকেটে টান কমবে: বিমার অঙ্ক বাড়লে নিম্ন আয়ের পরিবারগুলোকে চিকিৎসার জন্য ধারদেনা করতে হবে না।
বর্তমানে কী নিয়ম চালু আছে? মনে রাখতে হবে, এটি আপাতত সংসদীয় কমিটির একটি প্রস্তাব মাত্র। কেন্দ্র সরকার যতক্ষণ না এতে আনুষ্ঠানিক সিলমোহর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরোনো নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, আয়ুষ্মান কার্ড হোল্ডাররা আগের মতোই বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
কারা পাবেন এই সুবিধা? প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্যই এই প্রকল্প। তবে সম্প্রতি কেন্দ্রের তরফে ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের জন্যও ‘আয়ুষ্মান বয় বন্দনা’ নামে একটি বিশেষ স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে।