পোস্ট অফিসের নিয়মে বড় বদল! বুকিং বাতিল করলেই এবার মিলবে টাকা ফেরত

পোস্ট অফিসের নিয়মে বড় বদল! বুকিং বাতিল করলেই এবার মিলবে টাকা ফেরত

ইন্ডিয়া পোস্ট গ্রাহকদের জন্য নিয়ে এল বড় সুখবর! বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা এক নয়া বিজ্ঞপ্তিতে ডাক বিভাগ জানিয়েছে, এখন থেকে পোস্ট অফিসে কোনও বুকিং বাতিল করলে গ্রাহকরা রিফান্ড বা অর্থ ফেরত পাবেন। অনলাইনে বা সশরীরে কাউন্টারে গিয়ে বুকিং বাতিল— উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। তবে, টাকা ফেরত পাওয়ার জন্য গ্রাহকদের মানতে হবে বেশ কিছু নির্দিষ্ট শর্ত।

কী কী শর্তে মিলবে রিফান্ড?

  • অনলাইন বুকিং বাতিল: ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে পার্সেল বা চিঠি বুক করলে, তা পোস্ট অফিসে জমা দেওয়ার আগেই বাতিল করতে হবে। তবেই ডাক মাশুল বা পোস্টেজ ফেরত পাওয়ার আবেদন জানানো যাবে।
  • কাউন্টারে বুকিং বাতিল: কাউন্টারে বুক করা আইটেমের ক্ষেত্রে গ্রাহককে সরাসরি পোস্ট অফিসে গিয়ে বুকিং বাতিলের আবেদন করতে হবে। এছাড়া, ডেটা এন্ট্রিতে ভুল থাকলে পোস্ট অফিস নিজেও সেই দিনই বুকিং বাতিল করে দিতে পারে।
  • পরিষেবা স্থগিত হলে রিফান্ড: কোনও কারণে ডাক বিভাগের পরিষেবা স্থগিত হলে গ্রাহককে ডাক মাশুল, বিশেষ চার্জ এবং এয়ার সারচার্জ (বিমান পরিবহন মাশুল) ফেরত দেওয়া হবে।

আন্তর্জাতিক বুকিং এবং ঠিকানা বদলের নয়া নিয়ম:

  • ইন্টারন্যাশনাল বুকিং প্রত্যাহার: নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বুকিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট কারণ দেখিয়ে বুকিং অফিস থেকে পার্সেল ফেরত বা প্রত্যাহার (রিকল) করে নেওয়া সম্ভব।
  • পার্সেলের ঠিকানা বদল (Redirection): প্রাপক চাইলে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ডেলিভারি অফিস থেকে পার্সেল অন্য ঠিকানায় পাঠাতে পারেন। তবে, নতুন ঠিকানাটি যদি একই পোস্ট অফিসের ডেলিভারি এলাকার মধ্যে পড়ে, তবে কোনো অতিরিক্ত ফি লাগবে না।
  • বিদেশ থেকে আসা পার্সেল: বিদেশ থেকে আসা চালানের ক্ষেত্রেও গ্রাহক চাইলে তা ফেরত পাঠাতে বা রিডাইরেক্ট করতে পারবেন, যা সংশ্লিষ্ট ডাক প্রশাসনের নীতিমালার ওপর নির্ভর করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *