নিউটাউনের ফ্ল্যাটে যুবতীর ঝুলন্ত দেহ, রক্তে ভাসছেন লিভ-ইন পার্টনার! নেপথ্যে কী?

নিউটাউনের ফ্ল্যাটে যুবতীর ঝুলন্ত দেহ, রক্তে ভাসছেন লিভ-ইন পার্টনার! নেপথ্যে কী?

নিউটাউনে লিভ-ইন জুটির মর্মান্তিক পরিণতি ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। চণ্ডীবেড়িয়া এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুধু তাই নয়, ওই একই ফ্ল্যাট থেকে তাঁর লিভ-ইন পার্টনারকেও উদ্ধার করা হয়েছে, যাঁর হাতের শিরা কাটা অবস্থায় ছিল এবং গোটা ঘর রক্তে ভাসছিল।

মৃত যুবতীর নাম তৃষা সাহা। তাঁর আদি বাড়ি নৈহাটিতে। কলকাতার একটি বেসরকারি সংস্থায় তিনি কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত চার মাস ধরে সৌভিক রায় নামে ওই যুবকের সঙ্গে নিউটাউনের ওই এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে একসঙ্গে (লিভ-ইন) থাকছিলেন তৃষা।

কী অনুমান পুলিশের? প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রণয়ঘটিত সম্পর্কে কোনও তীব্র টানাপোড়েন বা মানসিক অবসাদ থেকেই এই চরম পরিণতি। তবে এটি নিছকই আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও গভীর রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। পুলিশ জানিয়েছে, সৌভিককে জিজ্ঞাসাবাদ করলেই এই মর্মান্তিক ঘটনার জট খুলবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *