‘রাজেশ খান্নাও এমনটাই ভাবতেন…’, শাহরুখের ‘শেষ সুপারস্টার’ দাবি নস্যাৎ করে এ কী বললেন অন্নু কাপুর?

বলিউড বাদশা শাহরুখ খান একবার বলেছিলেন, “আমি এমনিতে খুবই বিনয়ী। কিন্তু সত্যি কথা বলতে গেলে, আমিই বোধহয় শেষ সুপারস্টার।” কিং খানের এই মন্তব্য নিয়ে বিটাউনে চর্চা কম হয়নি। অগুনতি অনুরাগী তাঁর সঙ্গে একমত হলেও, এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর।
সম্প্রতি শাহরুখের এই ‘শেষ সুপারস্টার’ তকমা নিয়ে মুখ খোলেন তাঁর এই সহ-অভিনেতা। তিনি স্পষ্ট জানান, এই ধারণা সম্পূর্ণ ভুল। অন্নু কাপুরের কথায়, “বহু বছর ধরে বলিউডে এই মিথ বা ধারণা তৈরি হয়ে আসছে যে, একজন নির্দিষ্ট ব্যক্তিই বুঝি ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার। একসময় রাজেশ খান্নাও ঠিক একই কথা ভাবতেন। কিন্তু বাস্তবে সত্যিই কি তাই?”
অন্নু কাপুরের মতে, সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে নতুন তারকাদের আগমন ঘটে এবং দর্শক নতুন কাউকে মাথায় তুলে নেন। তাই ‘শেষ সুপারস্টার’ বলে সত্যিই কিছু হয় না, এটি একটি কাল্পনিক ধারণা মাত্র। বর্ষীয়ান অভিনেতার এই মন্তব্য ঘিরেই এখন নেটপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।