বেআইনি বহুতলে কাটবে কারেন্ট, জেলাতেও ছুটবে মেট্রো! বিদ্যুৎ ভবনে বড় চমক মুখ্যমন্ত্রীর

বেআইনি বহুতলে কাটবে কারেন্ট, জেলাতেও ছুটবে মেট্রো! বিদ্যুৎ ভবনে বড় চমক মুখ্যমন্ত্রীর

সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে রাজ্যের পরিকাঠামো ও পরিবহন ব্যবস্থার খোলনলচে বদলে দেওয়ার মতো একগুচ্ছ যুগান্তকারী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন বিদ্যুৎ চুরি রুখতে কড়া বার্তার পাশাপাশি নতুন অ্যাপ চালুর কথা ঘোষণা করেছেন, তেমনই জেলার যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনতে ‘স্টেট মেট্রো’ চালুর বড় চমক দিয়েছেন তিনি।

একনজরে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

বিষয়পদক্ষেপ ও ঘোষণা
পরিবহনআসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে ‘স্টেট মেট্রো’ পরিষেবা।
বিদ্যুৎহুকিং ও বিদ্যুৎ চুরি রুখতে সাধারণ মানুষের জন্য ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ।
কড়া পদক্ষেপবেআইনিভাবে তৈরি বহুতলগুলির বিদ্যুৎ সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করার নির্দেশ।
নিয়োগবিদ্যুৎ দফতরে দ্রুত মেধাবী ইঞ্জিনিয়ার ও দক্ষ কর্মী নিয়োগ।

বিদ্যুৎ চুরি রুখতে কড়া পদক্ষেপ

রাজ্যে বিদ্যুৎ চুরি ও বেআইনি সংযোগ রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে নতুন সরকার। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বিদ্যুৎ চুরি রুখতে রাজ্য সরকারের তরফে ‘বিদ্যুৎ প্রহরী’ নামের একটি বিশেষ অ্যাপ আনা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বেআইনি সংযোগের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি তিনি কড়া ভাষায় জানিয়ে দেন, বেআইনিভাবে নির্মিত যেসব বহুতলে বিদ্যুৎ চুরি চলছে, অবিলম্বে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বিদ্যুৎ দফতরে প্রচুর শূন্যপদ রয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত মেধাযুক্ত কর্মী নিয়োগ এবং আটকে থাকা সাব-স্টেশনগুলির কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন।

জেলাতেও এবার মেট্রো রেল

এদিনের সবচেয়ে বড় চমক ছিল জেলার পরিবহন ব্যবস্থা নিয়ে ঘোষণা। মুখ্যমন্ত্রী জানান, শুধু কলকাতা বা তার আশেপাশে নয়, এবার জেলা স্তরেও মেট্রো পরিষেবা সম্প্রসারিত করা হবে। প্রাথমিক পর্যায়ে কাছাকাছি থাকা দুটি প্রধান শহরকে যুক্ত করতে ‘স্টেট মেট্রো’ বা রিজিওনাল মেট্রো চালু হবে। প্রথম ধাপে আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটে মেট্রো চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, কলকাতা শহরেও ধীরে ধীরে সিটি মেট্রো চালুর রূপরেখা তৈরির জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি। এদিন ৫০টি নতুন এসি বাসেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

পূর্বতন সরকারকে তোপ

উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি এদিন পূর্বতন সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিগত ১৫ বছরে আগের সরকার পরিকাঠামো উন্নয়নের দিকে নজর না দিয়ে শুধুমাত্র ভাতা বিলি করে সরকার চালাতে চেয়েছে। সাব-স্টেশন তৈরির জন্য জমি না দেওয়ায় বহু প্রকল্প আটকে ছিল বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে দল বা ব্যক্তির পরিবর্তন হলেও রাজ্যে উন্নয়নের গতি এবার থেকে নিরবচ্ছিন্ন থাকবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *