মোদীর বড় ঘোষণা! নিট প্রশ্নফাঁসে বাংলা-সহ ৪ রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট, কড়া আইনের প্রস্তুতি

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে তীব্র উত্তেজনার মাঝেই বড় পদক্ষেপ করল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশমতো, এই মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে বাংলা-সহ ৪টি রাজ্যে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ‘পাবলিক একজামিনেশন অ্যাক্ট, ২০২৪’ (Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024)-এর আওতায় মামলা রুজু করা হচ্ছে।
কেন্দ্রীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট রাজ্য ও হাইকোর্টগুলির কাছে প্রতিদিন শুনানি করে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুরোধ জানানো হবে। মূলত বম্বে, কলকাতা, দিল্লি এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের এক্তিয়ারভুক্ত এলাকায় এই ফাস্ট ট্র্যাক কোর্টগুলি চালুর প্রস্তাব রাখা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রশ্নফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোরতম শাস্তি সুনিশ্চিত করা হবে।