উইকএন্ডে কি কাটবে দুর্যোগ? ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আবহাওয়া?

রাতভর বৃষ্টির পর কলকাতা সহ জেলায় জেলায় এখনও অব্যাহত রয়েছে বর্ষার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমী অক্ষরেক্ষা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী সাত দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট:
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং দুই ২৪ পরগনার মতো জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে শনি ও রবিবারের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি:
উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া:
শহরে আপাতত আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহ শেষে বৃষ্টির পরিধি ও ব্যাপকতা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।