রাজস্থানে মর্মান্তিক টাওয়ার দুর্ঘটনা! কাজে গিয়ে প্রাণ হারালেন পুরাতন মালদার ৩ পরিযায়ী শ্রমিক

রাজস্থানে টাওয়ার নির্মাণের কাজ করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো পুরাতন মালদার তিনজন পরিযায়ী শ্রমিকের। গত বুধবার এই দুর্ঘটনাটি ঘটে। এরপর কফিনবন্দী অবস্থায় শনিবার সকালে তাঁদের মরদেহ পুরাতন মালদার নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন পরিযায়ী শ্রমিকের নাম মুরসালিম হক (২৪), পাঁচু সেখ (২৮) এবং রুহুল সেখ (২০)। এর মধ্যে মুরসালিম ও পাঁচু পুরাতন মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা ও নতুনটোলা গ্রামের বাসিন্দা এবং রুহুল সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাকোরমা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, পেটের টানে প্রায় দেড় মাস আগে রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন এই তিন যুবক। সেখানে টাওয়ার নির্মাণের কাজ করার সময় গত বুধবার হঠাৎ টাওয়ারের একাংশ ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁদের মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার সকালে মৃত যুবকদের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই পরিবারজুড়ে শোকের মাতম শুরু হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, আর গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, নিজ এলাকায় কাজের সুযোগ না থাকায় গ্রামের যুবকদের বাধ্য হয়ে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। আর সেখানেই নানা দুর্ঘটনায় অকালেই প্রাণ হারাচ্ছেন তাঁরা, যার ফলে পরিবারগুলো সম্পূর্ণ অথৈ জলে পড়ছে। পুরাতন মালদার এই তিন যুবকের মৃত্যুতেও তাঁদের পরিবারগুলি এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এই শোকাহত ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসী।