বিশ্ব স্কোয়াশে ইতিহাস অনাহত সিংয়ের! মিশরের ১৫ বছরের সাম্রাজ্য গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন ১৮ বছরের তারকা

ভারতীয় স্কোয়াশের ইতিহাসে রচিত হলো এক স্বর্ণোজ্জ্বল নতুন অধ্যায়। কানাডার নায়াগ্রা-অন-দ্য-লেকে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশের জন্য প্রথমবার এই মর্যাদাপূর্ণ শিরোপা ছিনিয়ে আনলেন তরুণ সেনসেশন অনাহত সিং। টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নেমে মিশরের দ্বিতীয় বাছাই রুকাইয়া সালেমকে ১১-৩, ১১-৭, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট গেমে উড়িয়ে দেন দিল্লির এই প্রতিভাবান ক্রীড়াবিদ।
এই জয়ের মাধ্যমে কেবল নিজের কেরিয়ারের সবচেয়ে বড় খেতাবটিই ঝুলিতে ভরেননি ১৮ বছরের অনাহত, বরং বিশ্ব স্কোয়াশের মঞ্চে মিশরের দীর্ঘ ১৫ বছরের একাধিপত্যেরও অবসান ঘটিয়েছেন। ২০১০ সাল থেকে এই টুর্নামেন্টে একটানা রাজত্ব করে আসছিল মিশরীয়রা। সেই সাম্রাজ্যের পতন ঘটিয়ে ২০০৫ সালে জশনা চিনাপ্পার রানার্স-আপ হওয়ার পর দীর্ঘ ২১ বছরের খরা কাটিয়ে ভারতকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ দিলেন অনাহত।
টুর্নামেন্টের শুরু থেকেই নিজের সেরা ছন্দে ছিলেন এই তরুণী। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একাধিক মিশরীয় প্রতিপক্ষকে পরাস্ত করে ফাইনালে ওঠেন তিনি এবং মেগা লড়াইয়ে একটিও গেম হাতছাড়া না করে শিরোপা নিশ্চিত করেন। চলতি বছর বিশ্বের শীর্ষ ২০ খেলোয়াড়ের তালিকায় স্থান পাওয়া এবং পিএসএ খেতাব জেতার পর এই বিশ্বজয় অনাহতের কেরিয়ারকে আরও অনেক উঁচুতে নিয়ে গেল। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে স্কোয়াশের অন্তর্ভুক্তি হতে চলায়, অনাহতের এই ঐতিহাসিক সাফল্য এখন পুরো দেশকে অলিম্পিক্সের মঞ্চ থেকেও সোনা জয়ের নতুন স্বপ্ন দেখাচ্ছে।