কার পকেটে ১,৪১৩ কোটি, কার স্থাবর সম্পত্তি শূন্য? ফাঁস মুখ্যমন্ত্রীদের আইনি ও আর্থিক খতিয়ান!

দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা ও ফৌজদারি মামলার একটি সামগ্রিক চিত্র প্রকাশ করেছে নিরপেক্ষ সমীক্ষা সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (ADR) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’। নির্বাচন কমিশনে জমা দেওয়া স্ব-ঘোষিত হলফনামার ভিত্তিতে তৈরি এই রিপোর্টে দেশের ক্ষমতাশালী শীর্ষ নেতাদের আর্থিক ও আইনি স্তরের চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
আর্থিক বিচারে কে কোথায়? রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন কর্নাটকের ডি কে শিবকুমার। তাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩.৮ কোটি টাকা (স্থাবর ১,১৪০ কোটি ও অস্থাবর ২৭৩ কোটি টাকা)। সেরা ৫ ধনীতম মুখ্যমন্ত্রীর তালিকায় এর পরেই রয়েছেন:
- এন চন্দ্রবাবু নাইডু (অন্ধ্রপ্রদেশ): ৯৩১.৮৩ কোটি টাকা
- সি জোসেফ বিজয় (তামিলনাড়ু): ৬৪৮.৮৫ কোটি টাকা
- পেমা খান্ডু (অরুণাচল প্রদেশ): ৩৩২.৫৬ কোটি টাকা
অন্যদিকে, সবচেয়ে কম সম্পত্তির মালিক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (মাত্র ৫৫.২৪ লক্ষ টাকা)। তালিকার দ্বিতীয় সর্বনিম্ন স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার ঘোষিত সম্পদ ৮৫.৮৭ লক্ষ টাকা। রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শুভেন্দু অধিকারীর নিজস্ব কোনো স্থাবর সম্পত্তি বা জমি নেই এবং তাঁর বার্ষিক আয় ১৭.৩৮ লক্ষ টাকা।
ফৌজদারি মামলা ও আইনি খতিয়ান তালিকায় থাকা ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৪ জন (প্রায় ৪৫ শতাংশ)-এর বিরুদ্ধেই ঝুলছে ফৌজদারি মামলা। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে রয়েছে অত্যন্ত গুরুতর আইনি অভিযোগ।
- মামলায় শীর্ষে: তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। তাঁর বিরুদ্ধে মোট ৮৯টি বিচারাধীন মামলা রয়েছে, যার মধ্যে ৭২টিই গুরুতর অপরাধ সংক্রান্ত।
- শুভেন্দু অধিকারী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে ২৯টি মামলা বিচারাধীন, যার বড় অংশই রাজনৈতিক ও আন্দোলনকেন্দ্রিক।
মুখ্যমন্ত্রীদের সামগ্রিক প্রোফাইল
- গড় সম্পত্তি: ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট ঘোষিত সম্পদ ৩,৬৬০ কোটি টাকা। সেই হিসাবে গড়ে প্রত্যেক মুখ্যমন্ত্রীর সম্পত্তি দাঁড়িয়েছে ১১৮.০৭ কোটি টাকায়।
- নারী প্রতিনিধিত্ব: দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দিল্লির রেখা গুপ্তা।
- বয়সের ব্যবধান: সবচেয়ে প্রবীণ মুখ্যমন্ত্রী পুদুচেরির এন রঙ্গাস্বামী (৭৫ বছর) এবং সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন যৌথভাবে পেমা খান্ডু ও কনরাড সাংমা (উভয়ের বয়সই ৪৪ বছর)।
- শিক্ষাগত যোগ্যতা: ৯ জন স্নাতকোত্তর, ৭ জন স্নাতক, ৬ জন পেশাদার গ্র্যাজুয়েট, ৩ জন ডক্টরেট ডিগ্রিধারী এবং মাত্র ২ জন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।