বাংলায় বড়সড় জঙ্গি চক্রান্ত পণ্ড! এসটিএফের জালে জইশ জঙ্গি, নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যে বড়সড় জঙ্গি হামলার ছক পণ্ড করল বেঙ্গল এসটিএফ (Special Task Force)। বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের একটি জিম থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে জইশ-ই-মহম্মদের এক সক্রিয় সদস্যকে। ধৃতের নাম হামিদ মণ্ডল, যে হাওড়ার পিলখানার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, ধৃত জঙ্গি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার চক্রান্ত করছিল। শুক্রবার তাকে আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় গেঞ্জি কারখানার কর্মী হামিদ গত দুই মাস ধরে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর হ্যান্ডলার হিসেবে কাজ করত। এমনকি পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়ির মালিক তথা প্রয়াত জইশ জঙ্গি সাজ্জাদ ভাটের গোষ্ঠীর সাথে হামিদের সরাসরি যোগাযোগ ছিল।
বৃহস্পতিবার রেনেসাঁ হাউসিংয়ের একটি জিমে ব্যায়াম করার সময় এটিএস এবং বেঙ্গল এসটিএফ যৌথ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে পাকড়াও করে। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিস্তারিত সফরসূচি উদ্ধার করা হয়েছে— যার মধ্যে শুভেন্দুর যাতায়াতের রুট, গাড়ি পার্কিংয়ের জায়গা এবং পরবর্তী কর্মসূচির সমস্ত গোপন তথ্য রয়েছে। শুধু মুখ্যমন্ত্রীই নন, রাজ্য ও দেশের একাধিক ভিআইপি (VIP) ব্যক্তিত্বও তার নিশানায় ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। কার নির্দেশে এবং কার সহায়তায় হামিদ এই ব্লু-প্রিন্ট তৈরি করেছিল, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।