আত্মীয় না হলেও দেওয়া যাবে কিডনি, শর্ত একটাই: হাইকোর্টের নজিরবিহীন সিদ্ধান্ত

অঙ্গদানের ক্ষেত্রে এক নজিরবিহীন ও মানবিক রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিকটাত্মীয় না হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আর্থিক লেনদেন ছাড়া সম্পূর্ণ নিজের স্বেচ্ছায় অঙ্গদান করতে চান, তবে তা কোনোভাবেই বেআইনি নয়।
ঘটনার সূত্রপাত চিন্টু খাঁড়া নামের এক রোগীকে কেন্দ্র করে, যার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছিল। তাকে নিজের একটি কিডনি দান করতে এগিয়ে আসেন তার প্রাক্তন গাড়িচালকের স্ত্রী রূপা সাহা। তবে এই প্রতিস্থাপনে আইনি সম্মতি দিতে অস্বীকার করে রাজ্য সরকারের গঠিত ‘অথরাইজেশন কমিটি’।
কমিটির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি কৃষ্ণ রাও রাজ্য সরকারের বাধা সম্পূর্ণ খারিজ করে দেন। ঐতিহাসিক এই নির্দেশে বিচারপতি মন্তব্য করেন, মানুষের আবেগ বা আত্মিক সম্পর্কের সবসময় কোনো লিখিত নথি থাকে না। তাই টাকা-পয়সার লেনদেন না থাকলে কেবলমাত্র আত্মীয়তার প্রমাণপত্র না থাকার অজুহাতে অঙ্গদান আটকানো যাবে না।
মেডিকেল সায়েন্সের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হাইকোর্টের এই রায় আগামী দিনে বহু মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এক নতুন দিশা দেখাবে।