১৮ বছরের ‘নির্বাসন’ শেষ, আবেগঘন চোখে লাল-সাদা শাড়িতে ফের তিলোত্তমায় তসলিমা

প্রায় ২০ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ফের তিলোত্তমায় পা রাখলেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুরে পরনে সাদা-লালপাড় শাড়ি জড়িয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রিয় শহরে ফিরে আবেগ ধরে রাখতে না পেরে লেখিকা সংক্ষেপে শুধু বলেন, “খুবই ভালো লাগছে।” এর আগে শুক্রবার সকালেই সোশাল মিডিয়ায় একটি বার্তায় তিনি লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।”
‘সেক্যুলার মিশন’ এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’—এই দুটি সংগঠনের যৌথ আমন্ত্রণে মূলত তাঁর এই কলকাতা সফর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতৃত্ব ওসমান মল্লিক ও মোহিত রায় সহ শিউলি সাহা এবং তাঁর অসংখ্য অনুরাগী। লেখিকার আগমন উপলক্ষে বিমানবন্দর চত্বরে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়। সফরসূচি অনুযায়ী, শনিবার রবীন্দ্র সদনে তসলিমাকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে এবং রবিবার বাংলা আকাদেমির একটি বিশেষ অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর দীর্ঘ সময় ভারতে আশ্রয় নিয়েছিলেন তসলিমা, যার বড় একটি অংশ কেটেছিল এই কলকাতাতেই। কিন্তু ২০০৭ সালে শহর জুড়ে তীব্র হিংসাত্মক বিরোধিতার মুখে পড়ে তাঁকে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হয়। পরবর্তী সময়ে ভারতে থাকার অনুমতি পেলেও কলকাতার দরজা তাঁর জন্য বন্ধই ছিল।
পরিস্থিতির বদল ঘটে সম্প্রতি। তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবিতে রাজ্যসভায় সোচ্চার হয়েছিলেন তৎকালীন সাংসদ শমীক ভট্টাচার্য। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর রাজ্যে প্রশাসনিক পটপরিবর্তনের হাত ধরে অবশেষে প্রায় ২০ বছর পর নিজের প্রিয় পাঠকদের মাঝে ফিরলেন এই বিশিষ্ট বাঙালি লেখিকা।