‘সব খতিয়ে দেখা হচ্ছে’, হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

‘সব খতিয়ে দেখা হচ্ছে’, হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর আবেদনটি বর্তমানে পর্যালোচনা করে দেখছে ভারত সরকার। সংসদ সদস্য ও প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির এক প্রশ্নের জবাবে লিখিতভাবে এই তথ্য জানিয়েছে নয়াদিল্লি।

গত বৃহস্পতিবার ভারতের সংসদে পেশ করা এই প্রতিবেদনটি শুক্রবার ‘ডিজিটাল সংসদ’ ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।

সংসদীয় কমিটির প্রতিবেদনে যা বলা হয়েছে

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের তরফ থেকে করা প্রত্যর্পণের অনুরোধটি সংসদীয় কমিটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে নিয়মিত আপডেট রাখার কথা বলেছিল।

এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রচলিত আইন ও নির্ধারিত পদ্ধতি মেনেই উপযুক্ত কর্তৃপক্ষ এই আবেদনটি খতিয়ে দেখছে।

শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি মন্তব্য করেছে যে, চরম দুর্দশা বা অস্তিত্বের সংকটে পড়া ব্যক্তিদের আশ্রয় দেওয়ার যে ভারতীয় ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ রয়েছে, তার ওপর ভিত্তি করেই শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রাজনৈতিক কর্মকাণ্ডে কঠোর দিল্লি

কমিটি স্পষ্ট করেছে যে, ভারত সরকার শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেয়নি। সরকারের এই নীতিতে কমিটি সন্তুষ্টি প্রকাশ করেছে।

একই সাথে, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পাশাপাশি ভারতের মাটি থেকে যেন অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত না হয়—তা কঠোরভাবে মেনে চলার সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *