সন্দেশখালির স্কুলে অদ্ভুত আতঙ্ক! ক্লাস চলাকালীন অসুস্থ ৩০-এর বেশি ছাত্রী

সন্দেশখালির স্কুলে অদ্ভুত আতঙ্ক! ক্লাস চলাকালীন অসুস্থ ৩০-এর বেশি ছাত্রী

ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ল একের পর এক ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে। অসুস্থ অন্তত ৩০ থেকে ৩৫ জন ছাত্রীকে দ্রুাত উদ্ধার করে মিনাখাঁ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের দাবি, গত এক মাস ধরে নবম শ্রেণির ক্লাসে এই সমস্যাটি দেখা দিচ্ছে। প্রথম পিরিয়ড শুরু হলেই মূলত ছাত্রীদের মধ্যে শ্বাসকষ্ট, হাত-পা বেঁকে যাওয়া এবং শরীরের পেশিতে টান ধরার মতো লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ বিষয়টি হলো, অসুস্থদের মধ্যে কোনো ছাত্র নেই, সকলেই ছাত্রী। স্থানীয়দের একাংশ বিষয়টিকে কুসংস্কার বা অলৌকিক ঘটনা বলে দাবি করলেও বিশেষজ্ঞ ও চিকিৎসকরা তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বসিরহাট জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামলকুমার বিশ্বাস দ্রুত স্কুলে পৌঁছান। তিনি জানান, মোট ৩২ জন ছাত্রী অসুস্থ হয়েছিল। তাদের মধ্যে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং ২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, যে ক্লাসরুমে ঘটনাটি ঘটছে, সেখানে দু-তিন বছর আগে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। সম্প্রতি সেই সংক্রান্ত একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ায় ছাত্রীদের মনে চরম ভীতির সৃষ্টি হয়েছে। আপাতত ওই নির্দিষ্ট ক্লাসরুমে ক্লাস করানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিলের সদস্য প্রদীপ্ত সরকার জানান, কুসংস্কার না ছড়িয়ে আসল কারণ খোঁজা উচিত। এটি কোনো কেমিক্যাল গ্যাসের প্রভাব কিংবা মিড-ডে মিলের রান্না থেকে ছড়ানো ধোঁয়ার ফলেও হতে পারে। পুরো বিষয়টির সঠিক তদন্তের জোর দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *