লালবাজারে রদবদল! ১৫ অগাস্টের পরেই কলকাতার নতুন সিপি অজেয় মুকুন্দ রানাডে?

কলকাতা: ১৫ অগাস্টের পরেই কি কলকাতা পুলিশের শীর্ষ পদে বড় পরিবর্তন আসতে চলেছে? রাজ্যের প্রশাসনিক মহলে এখন এই জল্পনাই তুঙ্গে। সূত্রের খবর, বর্তমান পুলিশ কমিশনার অজয় কুমার নন্দর মেয়াদ শেষ হলেই লালবাজারের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে ১৯৯৫ ব্যাচের দাপুটে আইপিএস অফিসার অজেয় মুকুন্দ রানাডে-র হাতে।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার জন্য পরিচিত অজেয় মুকুন্দ রানাডে এর আগে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (বন্দর), হাওড়ার পুলিশ কমিশনার, সিআইডি-র ডিআইজি (অপারেশনস) এবং দক্ষিণবঙ্গের আইজি-র মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মাঝে কিছুকাল অন-ডেপুটেশনে সিভিল সার্ভিসে কাজ করে পুলিশ প্রশাসনে ফিরে আসার পর তাঁকে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ডিজি (আইন-শৃঙ্খলা) পদে কর্মরত।
উল্লেখ্য, কলকাতা পুলিশের সর্বাধিনায়কের পদটি মূলত অতিরিক্ত মহাপরিচালক (ADG) স্তরের। তবে অতীতে সুজয় চক্রবর্তী বা সৌমেন মিত্রের ক্ষেত্রে সিপি পদে থাকা অবস্থাতেই তাঁদের ডিজি পদে উন্নীত করা হয়েছিল। কিন্তু প্রশাসনিক সূত্রের খবর, এবার নতুন রাজ্য সরকার সরাসরি ডিজি (DG) পদমর্যাদার এক অভিজ্ঞ অফিসারকেই লালবাজারের নতুন প্রধান হিসেবে নিয়োগ করার কথা ভাবছে।
আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে প্রাক্তন সিপি বিনীত গোয়েল সাসপেন্ড হওয়ার পর থেকেই লালবাজারের নেতৃত্ব বদল নিয়ে জল্পনা চলছে। এখন ১৫ অগাস্টের পর নবান্নের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।