ফরাক্কা স্টেশনে জিআরপির অভিযান: ব্যাগ খুলতেই উদ্ধার ২ লক্ষের ব্রাউন সুগার, ধৃত বিহারের যুবক!

ফরাক্কা: গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এক বড়সড় মাদক পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করল রেল পুলিশ (GRP)। ধৃত যুবকের নাম সুমিত কুমার যাদব (২৬)। তার বাড়ি বিহারের ভাগলপুরের তুলসীপুকুর এলাকায়। যুবকের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম মারাত্মক মাদক ‘ব্রাউন সুগার’ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন মাধ্যমে খবর আসে যে নিউ ফরাক্কা স্টেশন দিয়ে এক বিরাট মাদকের চালান পাচার হতে চলেছে। খবর পাওয়া মাত্রই ১ নম্বর প্ল্যাটফর্ম সহ পুরো স্টেশন চত্বরে নজরদারি ও টহলদারি জোরদার করেন রেল পুলিশের আধিকারিকরা। সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্মে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই যুবকের কথায় অসঙ্গতি ও বিভ্রান্তি দেখা দিলে পুলিশ তার ব্যাগে তল্লাশি চালায়। ব্যাগ খুলতেই বের হয়ে আসে প্যাকেটবন্দি ১০০ গ্রাম ব্রাউন সুগার।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মালদার কালিয়াচক থেকে এই মাদক সংগ্রহ করেছিল সুমিত। সেখান থেকে ট্রেনে চেপে বিহারের ভাগলপুরে নিয়ে গিয়ে অন্য একটি পাচারকারী চক্রের হাতে তা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু হাতবদলের আগেই ফরাক্কা স্টেশনে জিআরপির তৎপরতায় ভেস্তে যায় সমস্ত ছক।
ধৃতকে অবিলম্বে নিউ ফরাক্কা জিআরপি থানায় নিয়ে আসা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে শুক্রবার সুমিতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে। এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং কালিয়াচক ও ভাগলপুরের এই নেটওয়ার্কের নেপথ্যে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।