গুগ্ল ম্যাপ ধরে ওড়িশা থেকে কলকাতা! গলি রাস্তায় ৪৪ কেজি গাঁজাসহ পুলিশের জালে অটোরিকশা!

নিজস্ব সংবাদদাতা, সবং: ওড়িশা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে গন্তব্য ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনা। পুলিশের নাকা তল্লাশি এড়াতে জাতীয় সড়ক ছেড়ে ভরসা করেছিলেন ‘গুগ্ল ম্যাপ’-এর অলিগলির রাস্তার ওপর। কিন্তু শেষরক্ষা হলো না! পশ্চিম মেদিনীপুরের সবংয়ে পুলিশের জালে ধরা পড়লেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস। উদ্ধার হলো প্রায় ৪৪ কিলোগ্রাম গাঁজা।
যেভাবে ভেস্তে গেল ছক
গোপন সূত্রে খবর পেয়ে সবং ব্লকের চাবুকিয়া এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। জাতীয় সড়ক এড়িয়ে একটি মালবাহী অটোকে গ্রামের ভেতরের ছোট রাস্তা ধরে এগোতে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। অটোটি আটকে চালক দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করতেই স্পষ্ট হয় অসঙ্গতি।
গাড়ি থেকে যেভাবে মিলল মাদক
বাইরে থেকে দেখে বোঝার বিন্দুমাত্র উপায় ছিল না। চালকের আসনের ঠিক পেছনে অত্যন্ত সুচতুরভাবে স্ক্রু দিয়ে আটকে রাখা হয়েছিল মাদকের প্যাকেটগুলি। পুলিশ আধিকারিকরা তল্লাশি চালিয়ে আনুমানিক ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেন, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা।
পুলিশের পরবর্তী পদক্ষেপ
পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের পুলিশি নজরদারি এড়াতে অভিযুক্ত গুগ্ল ম্যাপ দেখে গ্রামের ভেতর দিয়ে ডেবরা পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন। ওড়িশার ঠিক কোথা থেকে এই মাদক আনা হচ্ছিল এবং কার কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই আন্তঃরাজ্য চক্রের মূল পান্ডাদের খুঁজতে দীপঙ্করকে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবারই তাঁকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়।