ভয়াবহ দাবানলের মাঝেই মহাবিপর্যয়: বাতাসে দুই হেলিকপ্টারের সংঘর্ষে বিস্ফোরণ, মৃত ২

এথেন্স: ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। আর সেই আগুন নেভানোর চরম মুহূর্তে ঘটল মর্মান্তিক বিপর্যয়। মাঝ আকাশে অগ্নিনির্বাপক দুটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটে মৃত্যু হলো ২ পাইলটের। রবিবার গ্রিসের সসাথা (Psatha) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অ্যাটিকা-বোয়োতিয়া সীমান্তে ভয়াবহ আগুনে ঘরবাড়ি ও বনাঞ্চল ছারখার হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার ম্যাকডারমট এভিয়েশন থেকে ভাড়ায় আনা ১৫টি হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে জল দেওয়ার কাজ করছিলেন দমকলকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও টিভি ফুটেজ সূত্রে জানা গেছে, পাশাপাশি উড়তে থাকা একটি হেলিকপ্টার হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অন্য কপ্টারটির নিচে গিয়ে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে আকাশে তীব্র বিস্ফোরণ ঘটে দুটি কপ্টারই ধ্বংস হয়ে নিচে ভেঙে পড়ে।
উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতি: দুর্ঘটনাস্থল থেকে কপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করে ভেতরে থাকা কর্মীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুই পাইলটকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের এবং অপরজন গ্রিসের নাগরিক। বাকি আহত কর্মীদের চিকিৎসা চলছে।
কঠোর পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি: এই ঘটনার পরপরই সসাথা এলাকায় বেল (Bell) হেলিকপ্টারের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঠিক কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে এথেন্স পুলিশ।
এদিকে গত এক সপ্তাহে গ্রিসে অন্তত ২২০টি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে এবং করিন্থ উপসাগর সংলগ্ন এলাকার প্রায় ৬,৫০০ হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলায় আগুন নেভানোর কাজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিস দেশবাসীকে সতর্ক করে জানিয়েছেন, সামনে আরও অত্যন্ত কঠিন ও সংকটজনক পরিস্থিতি অপেক্ষা করছে।