‘ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল’: ভারতে আন্দোলন দেখে মন্তব্য তসলিমা নাসরিনের

‘ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল’: ভারতে আন্দোলন দেখে মন্তব্য তসলিমা নাসরিনের

কলকাতা: বাংলাদেশ ও নেপালের পর সম্প্রতি ভারতেও ছাত্র আন্দোলন প্রত্যক্ষ করল সবাই। তবে প্রতিবেশী দেশগুলির মতো ভারতে সরকারের পতন হয়নি; বরং সরকার আন্দোলনকারীদের দাবি শুনে তা পূরণ করেছে। ভারতে ঘটে যাওয়া এই ছাত্র আন্দোলন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার নিজের মতামত ব্যক্ত করলেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন।

দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন সম্পর্কে তসলিমা জানান, সম্পূর্ণ বিষয় তাঁর জানা না থাকলেও কিছু ছোট ভিডিও ক্লিপ দেখে এটি ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। সেদিনের ঘটনা স্মরণ করে তিনি বলেন:

“ওই ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল। আমরা ভেবেছিলাম ছাত্ররা শুধু কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে। কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের পর প্রমাণ মেলে—এই আন্দোলনের নেপথ্যে ছিল জিহাদিরা। ফলে তার পরিণতিও ভালো হয়নি। সুতরাং, ছাত্ররা রাজপথে জমায়েত বা আন্দোলন করলেই যে তার ফলাফল সবসময় শুভ হবে, তেমনটা নয়।”

পরবর্তীকালে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলে মনে করা হচ্ছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তসলিমা আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনীতিকরা ভবিষ্যতের দিক ঠিক করলেও তিনি চান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, কিছু পাকিস্তানপন্থী ছাড়া সাধারণ মানুষ দুই দেশের এই পারস্পরিক সৌহার্দ্যই কামনা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *