হায়দরাবাদে ১৭ বছরের নাবালকের তাণ্ডব: ৭টি বাইকে ধাক্কা মেরে পথচারীকে পিষে মারল বেপরোয়া গাড়ি!

স্টিয়ারিংয়ে ছিল অনভিজ্ঞ ১৭ বছরের এক নাবালক। আর তার বেপরোয়া চালকের আস্ফালনে মুহূর্তের মধ্যে কেড়ে নিল এক নিরীহ পথচারীর প্রাণ! মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মধুরা নগর থানার অন্তর্গত কর্মিকা নগর এলাকায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাবালক বোরাবান্ডা এলাকার একজন ছাত্র। জানা গিয়েছে, গাড়িটির আসল ভাড়াটে ছিল তার ১৯ বছরের এক বন্ধু। তিন বন্ধু মিলে মারুতি বালেনো গাড়িটি ভাড়া করে ঘোরার জন্য বের হয়েছিল। ড্রাইভিংয়ের ন্যূনতম জ্ঞান না থাকা সত্ত্বেও পথেই অনভিজ্ঞ ওই নাবালক স্টিয়ারিং নিজের হাতে তুলে নেয়।
এরপরেই ঘটে বিপর্যয়। গতি সামলাতে না পেরে গাড়িটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর ৭টি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা মারে। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা রাস্তার উল্টো দিকে গিয়ে দুই পথচারীকে পিষে দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫০ বছর বয়সী রাজ কুমার এবং ৩৫ বছর বয়সী প্রভাকর। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান রাজ কুমার। অন্য আহত পথচারী প্রভাকরের অবস্থা এখনও আশঙ্কাজনক।
ঘটনার পর গাড়িতে থাকা তিন জনাকেই আটক করেছে পুলিশ। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কীভাবে নাবালকের হাতে গাড়ির চাবি গেল এবং গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে কী কী অনিয়ম ছিল, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে।