বিমার টাকায় নজর! স্ত্রীকে পিটিয়ে মেরে ওপর দিয়ে চালানো হলো গাড়ি, ছক ফাঁস পুলিশের

বিমার ৪৪ লাখ টাকা হাতানোর লোভে স্ত্রীকে পিটিয়ে খুন করে দুর্ঘটনার নাটক করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। জঘন্য এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামী অমর সিং ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অমর সিং প্রথমে থানায় গিয়ে স্ত্রী রীতার নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। কিন্তু বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়। এরপরই কড়া জেরার মুখে ভেঙে পড়ে অমর এবং নিজের অপরাধ স্বীকার করে নেয়।
তদন্তে জানা গেছে, অমর ও তার তিন সঙ্গী প্রথমে রীতাকে লাঠি-ডান্ডা দিয়ে বেধড়ক মারধর করে। এরপর পুরো বিষয়টিকে পথদুর্ঘটনা বলে চালাতে রীতার নিথর দেহের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়। গত বুধবার রাতে হামিরপুরের বৈঠকা ধাম মন্দিরের কাছ থেকে রীতার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে রীতার শরীরে ১২টিরও বেশি আঘাতের চিহ্ন এবং ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, প্রায় দু’মাস আগেই স্ত্রী রীতার নামে ৪৪ লাখ টাকার জীবনবিমা করিয়েছিল অমর এবং যার প্রথম কিস্তি হিসেবে আড়াই লাখেরও বেশি টাকা জমা দিয়েছিল সে। ওই বিমার টাকা পেতেই এই খুনের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়। রীতার আগের সংসারের চারটি সন্তান রয়েছে। হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার বর্মা নিশ্চিত করেছেন যে অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত জারি রয়েছে।