টুলু সাম্রাজ্যে ফের ধস: সিণ্ডিকেটের মূল কারিগর সীতেশ গ্রেফতার, জেরায় বিপুল তথ্যের হদিস!

বীরভূম: বীরভূমের ‘পাথর সম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের বেআইনি আর্থিক সাম্রাজ্য ও সিন্ডিকেট চুরমার করতে বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার গভীর রাতে টুলুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী তথা আর্থিক লেনদেনের অন্যতম মূল কণ্ডারী সীতেশ প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বীরভূমের অপরাধ চক্র ও আর্থিক লেনদেনের সিংহভাগটাই নিয়ন্ত্রণ করতেন এই সীতেশ।
সম্প্রতি টুলু-ঘনিষ্ঠ ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি টাকার নগদ অর্থ উদ্ধারের পর থেকেই তদন্ত নতুন মোড় নেয়। সেই সূত্রের অলিগলি ধরে মহম্মদবাজার থানার একটি বিশেষ দল রবিবার সন্ধ্যায় সীতেশের বাড়িতে অভিযান চালায়। প্রথমে তাঁকে আটক করে দফায় দফায় জেরা করা হয়। কিন্তু উত্তর অসঙ্গতিপূর্ণ হওয়ায় পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়।
তদন্তকারী সূত্রের খবর, টুলু মণ্ডলের বিশাল আর্থিক নেটওয়ার্ক ও ব্যবসার বিস্তার সামলানোর ক্ষেত্রে সীতেশ ছিলেন অন্যতম প্রভাবশালী ম্যানেজার। জেরার মুখে তিনি একাধিক চাঞ্চল্যকর তথ্য ও আর্থিক লেনদেনের গোপন নকশা প্রকাশ করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে টুলুর বর্তমান অবস্থান এবং এই সাম্রাজ্যের অন্যান্য অংশীদারদের নাম সামনে আনা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
অন্যদিকে, তদন্তের গতি বাড়িয়ে শনিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলুর পাথর খাদানের আরেক ম্যানেজার ইফাজুল হকের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। স্থানীয়দের মতে, পুলিশি তৎপরতা শুরু হতেই তিন দিন আগে গ্রামে ফেরেন ইফাজুল। তবে শনিবার সকালে ‘ডাক্তার দেখানোর’ নাম করে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশের প্রাথমিক অনুমান, গ্রেফতারি এড়াতেই ইফাজুল আত্মগোপন করেছেন। তাঁর খোঁজেও বিভিন্ন জায়গায় জোরদার তল্লাশি চলছে।