তৃণমূলে আবার মহাধস? কাকলি-শশী রুদ্ধদ্বার বৈঠকের পর তুঙ্গে দলবদলের জল্পনা!

ক্ষমতা হস্তান্তরের পর থেকেই কোন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই প্রবীণ নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দলত্যাগী বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বৈঠককে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে সঙ্গে নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। শনিবার তাঁর বাসভবনে যান শশী পাঁজা এবং দু’জনের মধ্যে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রকাশ্যে শশী পাঁজা এটিকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করলেও, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। তবে কি এবার শশী পাঁজাও তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে চলেছেন—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অলিন্দে।
এই জল্পনায় ঘি ঢেলেছে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। রবিবার সকালে তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, শশী পাঁজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে চলেছেন। যদিও পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয়। কিন্তু কেন এই পোস্ট করা হলো এবং কেনই বা তা তড়িঘড়ি সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
অন্যদিকে, এই দলবদলের বিষয়ে শশী পাঁজার মতামত জানার চেষ্টা করা হলেও তাঁর তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি এবং বার্তারও কোনো জবাব দেননি। ফলে তাঁর নীরবতা এবং কাকলির সঙ্গে এই দীর্ঘ বৈঠক তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনাকে আরও উসকে দিল।