ফুটপাত ছাড়ো, নয়তো বুলডোজার! বারাসাতে জবরদখলকারীদের কড়া হুঁশিয়ারি প্রশাসনের

ফুটপাত ছাড়ো, নয়তো বুলডোজার! বারাসতে জবরদখলকারীদের কড়া হুঁশিয়ারি প্রশাসনের

বারাসাত শহরের ব্যস্ততম কেএনসি রোডে ফুটপাত জবরদখল রুখতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বুধবার সরেজমিনে এলাকা পরিদর্শনে যান জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া, পুলিশ সুপার জে মার্সি এবং বারাসাতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। পরিদর্শন শেষে ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত ও সরকারি জমি খালি করতে হবে, অন্যথায় চালানো হবে উচ্ছেদ অভিযান।

দীর্ঘদিন ধরে কেএনসি রোডের দু’পাশে বেআইনিভাবে জবরদখল করে ব্যবসা চালাচ্ছেন অনেকে। এমনকি কিছু স্থায়ী দোকানদারও ফুটপাত ও সরকারি জমি চেপে ব্যবসা বাড়িয়েছেন। এর ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তায় নেমে হাঁটছেন, যা প্রতিদিনের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। জেলা প্রশাসনিক ভবন ও জেলা আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছনোর প্রধান রাস্তা হওয়ায় এই রোডে প্রতিনিয়ত মানুষের চরম ভোগান্তি হচ্ছিল।

পরিদর্শন শেষে জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া বলেন:

“ফুটপাত ব্যবহার করা সাধারণ মানুষের মৌলিক অধিকার। কিন্তু তা দখল করে ব্যবসা চলায় যানজট বাড়ছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। আজ ব্যবসায়ীদের সতর্ক করা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে জবরদখল না সরলে প্রশাসন কড়া হাতে উচ্ছেদ অভিযান চালাবে।”

একই সুরে বারাসাতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায় জানান, সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে বা সরকারি জমি বেআইনিভাবে দখল করে কোনো ব্যবসাকেই প্রশ্রয় দেওয়া হবে না। সেই কারণেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *