রহস্যমৃত্যু! ‘পরীক্ষা ভালো হয়েছে’ জানানোর পরদিনই ফাঁকা বাড়ি থেকে উদ্ধার নবম শ্রেণির ছাত্রীর দেহ!

শান্তিপুর: পরীক্ষা দিয়ে ফিরে আগের দিনই প্রতিবেশীদের জানিয়েছিল পরীক্ষা খুব ভালো হয়েছে। অথচ তার পরদিনই শান্তিপুরের নিজ বাড়ি থেকে উদ্ধার হলো নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ! ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য এবং রহস্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার গোপালপুর দরগাতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে বাবা মারা যান ওই কিশোরীর। এরপর মা-ও বাড়ি ছেড়ে চলে যান। একমাত্র দিদির বিয়ে হয়ে গেছে এবং দাদাও কাজের সূত্রে বাইরে থাকেন। ফলে বাড়িতে একাই থাকত ওই কিশোরী এবং নিজেই নিজের রান্নাবান্না সামলাত।
প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার নিজের স্কুলের পরীক্ষা দিয়ে এসে বেশ হাসিখুশিই ছিল মেয়েটি। তবে শুক্রবার সকাল থেকে তার ঘরের কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের মনে সন্দেহের দানা বাঁধে। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে শেষমেশ তাঁরা দরজা ভাঙেন। ঘরের ভেতর কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি শান্তিপুর থানায় খবর দেওয়া হয়।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজেয়াপ্ত করে। স্থানীয়দের অনুমান, উদ্ধার হওয়া মোবাইলটি ভালোভাবে পরীক্ষা করলেই এই অস্বাভাবিক মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।