রবীন্দ্র সরোবরে লাইনে ঝাঁপ! ব্যস্ত সন্ধ্যায় মেট্রোর ব্লু লাইনে চরম ভোগান্তি, চলছে আংশিক পরিষেবা

কলকাতা: সপ্তাহের শেষে অফিস ফেরতের ব্যস্ত সময়ে ফের মেট্রো পরিষেবায় চরম বিঘ্ন। শুক্রবার রাত ৮টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। ডাউন ও আপ লাইনের মধ্যে আপ লাইনে হঠাৎই ঝাঁপ দেন আনুমানিক ৩০ বছর বয়সী ওই মহিলা। এই ঘটনার পরপরই ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ/শহিদ ক্ষুদিরাম) ট্রেন চলাচল থমকে যায়।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দ্রুত তৎপর হয়ে ওঠে মেট্রো কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ (‘পাওয়ার ব্লক’) বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মেট্রাকর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অংশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, কলকাতা মেট্রোর প্রাচীনতম এই ব্লু লাইনে প্রায়শই আত্মহত্যার চেষ্টার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। নতুন মেট্রো রুটগুলোতে ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ (PSD) বা সুরক্ষাপ্রাচীর থাকলেও, দেশের এই প্রাচীনতম ভূগর্ভস্থ রুটে সেই ব্যবস্থা না থাকায় বার বার এমন নিরাপত্তাহীনতার চিত্র সামনে আসছে।