রেলের বড় উপহার! এবার এসি কোচে RAC যাত্রীদেরও মিলবে আলাদা বেডরোল কিট

রেলের বড় উপহার! এবার এসি কোচে RAC যাত্রীদেরও মিলবে আলাদা বেডরোল কিট

দূরপাল্লার ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কামরায় রিজ়ার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন (RAC) টিকিট নিয়ে সফর করা যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর আনল ভারতীয় রেল। এবার থেকে এসি চেয়ার কার ব্যতীত সমস্ত এসি কোচে প্রতিটি আরএসি যাত্রীকে কনফার্মড টিকিটধারীদের মতোই আলাদা এবং সম্পূর্ণ বেডরোল কিট দিতে হবে। একই বার্থ ভাগ করে সফর করলেও আর কাউকেই সহযাত্রীর সঙ্গে চাদর বা কম্বল শেয়ার করতে হবে না।

রেল বোর্ডের নির্দেশিকা: গত ৪ অগস্ট প্রকাশিত এক নির্দেশিকায় রেল মন্ত্রক দেশের সমস্ত রেলওয়ে জ়োনকে এই নিয়ম অবিলম্বে কার্যকর করার স্পষ্ট নির্দেশ দিয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, প্রায় প্রতিটি জ়োন থেকেই আরএসি যাত্রীদের আসাম্পূর্ণ বেডরোল দেওয়া বা একেবারেই বেডরোল না দেওয়ার মতো ভুরি ভুরি অভিযোগ আসছিল। একই বার্থে সফরকারী দুই যাত্রীকে একটিমাত্র বেডরোল কিট ভাগাভাগি করতে হতো, যা স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার দিক থেকে অত্যন্ত অস্বাস্থ্যকর ও কষ্টদায়ক ছিল।

ভাড়া সমান, তবে সুবিধা কেন কম? উল্লেখ্য, বর্তমান নিয়ম অনুযায়ী আরএসি টিকিটধারীরা পূর্ণ ভাড়াই দেন, কিন্তু আলাদা বার্থ পান না—দু’জন যাত্রীকে একটি বার্থ ভাগ করে বসতে হয়। পুরো টাকা দেওয়া সত্ত্বেও এতদিন তাঁরা সমান সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রত্যেক আরএসি যাত্রী এখন থেকে নিজস্ব কম্বল, দুটি চাদর, একটি বালিশ এবং বালিশের কভার সংবলিত সম্পূর্ণ কিট পাবেন।

অভিযোগ জানানোর উপায়: রেল বোর্ড ট্রেনের টিকিট পরীক্ষক (TTE), অনবোর্ড কর্মী এবং হাউসকিপিং স্টাফদের এই নির্দেশ কড়াভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। সফরের সময় কোনো আরএসি যাত্রী বেডরোল না পেলে প্রথমে টিটিই-র সঙ্গে যোগাযোগ করবেন। তাতে সমাধান না হলে রেলের ‘RailMadad’ (রেল মদদ) অ্যাপ অথবা ১৩৯ (139) হেল্পলাইন নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *