ফেসবুকে কমেন্ট করার আগে থামুন! একটি স্ক্রিনশট কীভাবে নিমেষে শেষ করে দিতে পারে আপনার সাজানো কেরিয়ার?

রাগের মাথায় বা উত্তেজনার বশে সামাজিক মাধ্যমে মন্তব্য করার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বর্তমান সময়ে ফেসবুক কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি প্রার্থীর ডিজিটাল পরিচয় হিসেবেও বিবেচিত হয়। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা প্রার্থীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই করেন। ফলে পুরনো কোনো আক্রমণাত্মক বা বিতর্কিত মন্তব্য স্ক্রিনশট আকারে সামনে এলে ইন্টারভিউয়ে বাদ পড়া কিংবা চাকরি হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শুধু কর্মক্ষেত্রেই নয়, ধর্ম, রাজনীতি বা কোনো ব্যক্তিকে নিয়ে আপত্তিকর মন্তব্য আইটি আইনের আওতায় আইনি জটিলতা এবং পুলিশের মুখোমুখি দাঁড় করাতে পারে। এছাড়া লোভনীয় অফারে প্ররোচিত হয়ে মন্তব্য করলে অ্যাকাউন্ট হ্যাক বা ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও থাকে।
ডিজটাল দুনিয়ায় সুরক্ষার স্বার্থে মন্তব্য প্রকাশের আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনো মতামত লেখার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে এই বক্তব্য ভবিষ্যতে বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে কি না। গুজবে কান না দিয়ে তথ্যের সত্যতা যাচাই করা এবং দ্বিমত থাকলেও শালীন ভাষা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই ব্যবহারকারীকে সাইবার বুলিং, আইনি ঝামেলা এবং মানসিক চাপ থেকে রক্ষা করতে পারে।