বেসরকারি স্কুলের ফি নিয়ে বড় সিদ্ধান্ত, মানতে হবে কোন নতুন নিয়ম?

বেসরকারি এবং সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলগুলির ফি কাঠামোয় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের শিক্ষা দফতর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুলগুলিকে তাদের ফি-এর সম্পূর্ণ বিবরণ প্রকাশ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নোটিস বোর্ড, অফিশিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট সরকারি পোর্টালে ক্লাস অনুযায়ী ফি-এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। এর ফলে অভিভাবকরা সহজেই ফি সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করার সুযোগ পাবেন।
শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে, ফি কীভাবে নির্ধারণ করা হয়েছে তার প্রমাণপত্র পরিচালন সমিতির সদস্যদের সই-সহ নির্দিষ্ট পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। G.O.Ms.No.1-এর সংশ্লিষ্ট ধারা মেনেই এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে সমস্ত স্কুল এই নির্দেশ অমান্য করে নোটিস বোর্ড, ওয়েবসাইট বা পোর্টালে ফি-এর বিবরণ প্রকাশ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে সংশ্লিষ্ট স্কুলগুলিকে শো-কজ নোটিস পাঠিয়ে জবাব তলব করা হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।