তিন ঘণ্টাতেই সরাতে হবে ডিপফেক! সাইবার সুরক্ষায় কড়া পদক্ষেপ কেন্দ্রের!

অনলাইন দুনিয়ায় ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান জালিয়াতি রুখতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আইন লঙ্ঘনকারী বা আপত্তিকর কোনো ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা তিন ঘণ্টার মধ্যে বাধ্যতামূলকভাবে সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে কারও ছদ্মবেশ ধারণ কিংবা আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের ক্ষেত্রে সময়সীমা কমিয়ে মাত্র দুই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, এ ধরনের কনটেন্টে স্পষ্টভাবে লেবেল সাঁটানোর পাশাপাশি ভাইরাল হওয়ার আগেই স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে তা শনাক্ত ও প্রতিরোধ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
নতুন এই নিয়ম বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা অবহেলা বরদাশত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রযুক্তি সংস্থা নির্দেশিকা মানতে ব্যর্থ হলে তারা তথ্যপ্রযুক্তি আইনের আওতায় প্রদত্ত আইনি সুরক্ষা বা ইমিউনিটি সম্পূর্ণভাবে হারাবে, যার জেরে তাদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বর্তমান সময়ে সাধারণ মানুষের পক্ষে জালিয়াতিপূর্ণ এআই কনটেন্ট বা ডিপফেক আলাদা করা প্রায় আসাম্ভব হয়ে দাঁড়ানোয়, ইউজারদের গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করতেই সরকারের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ।