মিড ডে মিলে সপ্তাহে দুদিন ডিম! খরচ সামলাবে কে?

কলকাতা ও সংলগ্ন এলাকার যে সমস্ত স্কুলে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন মিড-ডে মিল সরবরাহ করে, সেখানে সপ্তাহে দুদিন পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে ডিম দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। এই নির্দেশ বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব বর্তেছে স্কুল কর্তৃপক্ষের কাঁধে। কীভাবে ডিম কেনা, সেদ্ধ করা এবং তা পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে কলকাতার শিক্ষা ভবনে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জানানো হয়েছে, সপ্তাহে দুদিন ডিম সরবরাহের জন্য পড়ুয়া পিছু দৈনিক আট টাকা হিসেবে মোট ষোলো টাকা বরাদ্দ করা হবে। তবে এই অর্থ সরাসরি না দিয়ে স্কুলগুলিকে প্রথমে নিজস্ব কম্পোজিট গ্রান্ট থেকে খরচ করতে হবে এবং পরবর্তীতে বিল জমা দিয়ে তা ফেরত নিতে হবে। আট টাকার মধ্যে ডিম কেনা, সেদ্ধ করা ও বিতরণের খরচ সামলানো কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষক মহল। এই জটিলতা কাটাতে হরিণঘাটা ফার্ম থেকে সরাসরি ডিম সংগ্রহ কিংবা ছোট স্কুলগুলিতে বৈদ্যুতিক হিটার দেওয়ার মতো বিকল্প ভাবনাও শুরু হয়েছে।