বেকারদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা! কবে খুলছে যুবশক্তি ভরসা প্রকল্পের পোর্টাল?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বাচ্ছন্দ্য দিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। পূর্বতন প্রকল্পের পরিবর্তে এবার চালু হতে চলেছে বহুল চর্চিত ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। এর আওতায় কর্মহীন স্নাতক যুবক-যুবতীরা প্রতি মাসে তিন হাজার টাকা এবং অন্যান্য যোগ্য বেকাররা দুই হাজার টাকা করে মাসিক আর্থিক সহায়তা পাবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই ঘোষণায় তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে, যার জেরে প্রয়োজনীয় ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ভিড় বাড়ছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা মতো কাজ এগোলে আগামী অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর আগেই এই প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হতে পারে। ২১ থেকে ৪০ বছর বয়সি, যাঁদের পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকার কম এবং অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নেন না, তাঁরা এই সহায়তার জন্য যোগ্য হবেন। আবেদন শুরু হলে বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে প্রকৃত উপভোক্তাদের যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করবে সংশ্লিষ্ট যুবকল্যাণ দফতর।