স্কুলে মোবাইল ব্যবহারে পুরোপুরি ‘ব্যান’, রাজ্যজুড়ে কড়া নির্দেশিকা বিকাশ ভবন ও মধ্যশিক্ষা পর্ষদের

নিজস্ব প্রতিনিধি: স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন নিয়ে যাওয়া বন্ধ করতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিকাশ ভবনের নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনো শিক্ষার্থীই আর স্কুলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। স্কুল চত্বরে মোবাইলসহ কোনো পড়ুয়া ধরা পড়লে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর আইনি বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পরিদর্শকদের (DI) উদ্দেশ্যে বিকাশ ভবনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, জেলাভিত্তিক সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের মারফতে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে।
উল্লেখ্য, এর আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও স্কুলে মোবাইল আনার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে মোবাইল রাখার কিছু নিয়ম ছিল এবং নিয়ম ভাঙলে ফোন বাজেয়াপ্ত করার অধিকার দেওয়া হয়েছিল স্কুল কর্তৃপক্ষকে। এবার মধ্যশিক্ষা পর্ষদও একই পথে হেঁটে স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল এবং তা অবিলম্বে সমস্ত স্কুলে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।