চোখ এড়াল না সন্দেহজনক গতিবিধি! মাঝরাস্তায় গরুবোঝাই গাড়ি আটকে বড় পাচার রুখলেন খোদ বিধায়ক!

কুশমন্ডিতে ফের সক্রিয় পাচারচক্রের ছক বানচাল করলেন স্থানীয় বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়। শনিবার দুপুরে উত্তর করঞ্জি হাটখোলা এলাকায় একটি গোরুবোঝাই মোটর ভ্যানের গতিবিধি সন্দেহজনক ঠেকলে তিনি নিজেই গাড়িটি থামান। গাড়িচালকদের কথাবার্তায় অসঙ্গতি মেলায় সঙ্গে সঙ্গে কুশমণ্ডি থানায় খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িটি আটক করে এবং তা থেকে চারটি গোরু উদ্ধার করে। এই ঘটনায় মুজাফফর রহমান ও মিজানুর আলম নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি কুশমন্ডির ঢোলকুড়ি ও শিবকৃষ্ণপুর এলাকায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ডালিমগাঁও থেকে গোরুগুলি দক্ষিণ দিনাজপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন বেআইনি ও সন্দেহজনক রাস্তা ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোরুগুলি ঠিক কোথায় পাচার করা হচ্ছিল এবং এর নেপথ্যে কোনো বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতেও ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।