দেবোত্তর সম্পত্তি দখলের চাঞ্চল্যকর অভিযোগ! কাঠগড়ায় শাসক দলের বিধায়ক

মন্দিরের দেবোত্তর সম্পত্তি এবং সেচ দপ্তরের জমি দখল করে স্কুল ও এনজিও তৈরির গুরুতর অভিযোগে রতুয়া থানায় তলব করা হলো মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। রতুয়ার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিধায়ককে টানা তিন ঘণ্টা ম্যারাথন জেরা করে পুলিশ। প্রায় দুপুর বারোটা নাগাদ থানায় পৌঁছনোর পর তাঁকে এই জিজ্ঞাসাবাদ করা হয় এবং দুপুর দুটো তেরো মিনিটে তিনি থানা ছেড়ে যান। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
বিধায়কের বিরুদ্ধে শুধুমাত্র দেবোত্তর সম্পত্তি জবরদখলের অভিযোগই ওঠেনি, পাশাপাশি আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের পক্ষ থেকেও পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে দাবি করা হয়েছে যে, সরকারি সেচ দপ্তরের জমি অবৈধভাবে দখল করে একটি স্কুল বিল্ডিং ও এনজিও সংস্থা নির্মাণ করা হয়েছে। এদিকে থানায় হাজিরা দেওয়ার পর বিধায়ক আব্দুর রহিম বক্সী জানান, জমি সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে তাঁকে ডাকা হয়েছিল এবং পুলিশ প্রয়োজনীয় সমস্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করেছে। জোড়া এই অভিযোগে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে।